কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কার্যক্রম চেয়ে হাইকোর্টে রিট শুনানি চলতে পারে রবিবারও
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কার্যক্রম চেয়ে হাইকোর্টে রিটটির শুনানি আগামী রবিবার আবারো হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আদেশ বাতিল করে পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদানের কার্যক্রম চেয়ে জনস্বার্থে করা এই রিটের প্রথম দিনের শুনানি আজ ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রোববার (২৫ আগস্ট) বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেছেন আইনজীবী ইফফাত আরা খানম।
রিটকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার জানিয়েছেন, মহামান্য আদালতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ (৪৫ নম্বর আইন) এর বৈধতা চ্যালেঞ্জ এর কারণ উপস্থাপন করা হয়েছে। এছাড়া ২০২২ সালের ৩১ জুলাই তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভার ৬ নম্বর সিদ্ধান্ত, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৩তম সভার কার্যবিবরণী ২(ক) সিদ্ধান্ত এবং ২০২৪ সালের ২৬ জুন তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে সভার সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।







